পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণে ইউনেস্কোর নতুন উদ্যোগ

জাতীয় সংসদে নিজের দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন UNESCO-এর বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ। বুধবার (২৯শে এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন ইউনেস্কো বাংলাদেশের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রধান ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।

বৈঠকে পুলিশ প্রশিক্ষণ, সংস্কার এবং মিডিয়ার সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা এবং সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়েও উভয়পক্ষ গুরুত্ব দেয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেস্কোর প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় সুসান ভাইজ মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জানান, পুলিশ ও সাংবাদিকদের জন্য তাদের চলমান প্রশিক্ষণ প্রকল্প রয়েছে। ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী জুনের মধ্যেই নতুন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব।

স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দেন। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এতে পুলিশের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। প্রশিক্ষণ শনিবার আয়োজন করলে কর্মকর্তাদের অংশগ্রহণ সহজ হবে বলেও উল্লেখ করেন।

সুসান ভাইজ জানান, জাতীয় নির্বাচনের আগে প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের জন্যও আয়োজন করা হচ্ছে।

বৈঠকে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এর সঙ্গে জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *