কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুমিল্লায় “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে ২৮ এপ্রিল জেলা লিগ্যাল এইড কমিটি ও আইন সহায়তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিথিলা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম জেলা জজ শেখ সাদি রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিন।

স্বাগত বক্তব্যে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা জজ) মনিকা খাঁন জানান, মে ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দুই কোটি ৪৫ লাখ ৭৭ হাজার ৩৩০ টাকা আদায় করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের জন্য দ্রুত ও কম খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপকারভোগী হিসেবে বক্তব্য দেন রিপা আক্তার। এছাড়া ধর্মীয় পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়—কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ এবং গীতা পাঠ করেন অ্যাডভোকেট স্বপন কুমার দেব।

এসময় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুলতান রাজিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিকেলে বৈরী আবহাওয়ার কারণে জেলা ও দায়রা জজের কনফারেন্স রুমে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সরকারি কৌঁসুলিরা বক্তব্য দেন।

দিনের কর্মসূচির শেষপর্বে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট তাহমিনা বেগম ও অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, জাতীয় আইনগত সহায়তা দিবসের মূল লক্ষ্য হলো—সাধারণ মানুষকে বিনামূল্যে বা স্বল্প খরচে আইনি সহায়তা সম্পর্কে সচেতন করা এবং বিচারপ্রাপ্তির পথ সহজ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *