আন্তর্জাতিক নৃত্য দিবসে ঢাকায় দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন


আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে রাজধানীতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রায় অর্ধশত নৃত্যদলের ৬ শতাধিক শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ এপ্রিল ২০২৬।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে শোভাযাত্রা, আলোচনা ও নৃত্য পরিবেশনা।

২৮ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাঃ জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেবেন একুশে পদকপ্রাপ্ত নৃত্য গবেষক আমানুল হক। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

একই দিন বিকেলে জাতীয় নাট্যশালা ভবনের সামনে থেকে ঢাক-ঢোলের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এতে অংশ নেবেন দেশের প্রবীণ ও নবীন নৃত্যশিল্পীরা।

পরদিন ২৯ এপ্রিল বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

সমাপনী দিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ২২টি নৃত্যদল বিভিন্ন ঘরানার পরিবেশনা উপস্থাপন করবে।

আয়োজকরা জানিয়েছেন, দুই দিনব্যাপী এই অনুষ্ঠানমালা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশের নৃত্যচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *