বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে এক নৈশভোজ অনুষ্ঠানে। সোমবার (২৭শে এপ্রিল) জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার সরকারি বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন।
অনুষ্ঠানে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে উচ্চশিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয়েই দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় রাষ্ট্রদূত সাইদা শিনিচি নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, জাপানে অধ্যয়ন করার অভিজ্ঞতা ড. ওবায়দুল ইসলামের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংযোগ বাড়াতে সহায়ক হবে।
এই বৈঠককে দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।