দেশের ব্যাংকিং খাতে আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন পদক্ষেপ নিল ট্রাস্ট ব্যাংক পিএলসি। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এই কার্ড উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকfর-উজ-জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও অ্যাডজুট্যান্ট জেনারেল জনাব হোসেন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর নুরুন নাহার, এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনাল-এর সিইও ল্যারি ওয়াং।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী, ইউনিয়নপে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনবা মাসুদ রায়হান এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ইউনিয়নপে কার্ড চালু হওয়া তাদের বৈশ্বিক পেমেন্ট সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিশ্বের বিভিন্ন দেশে সহজে লেনদেন করতে পারবেন, বিশেষ করে যেখানে ইউনিয়নপে নেটওয়ার্ক চালু আছে।
নতুন কার্ড ব্যবহার করে গ্রাহকরা বিদেশে চিকিৎসা ব্যয় পরিশোধ, শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান, আন্তর্জাতিক কেনাকাটা এবং বিমানবন্দরের লাউঞ্জ সুবিধা নিতে পারবেন। পাশাপাশি থাকছে বিভিন্ন লাইফস্টাইলভিত্তিক বিশেষ অফার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং যুগে গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ সেবা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। ইউনিয়নপের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সেই লক্ষ্য আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ব্যাংকটির চেয়ারম্যান বলেন, এই উদ্যোগ দেশের শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক আর্থিক লেনদেনকে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তুলবে।
ব্যাংকিং খাতে প্রতিযোগিতা বাড়ার এই সময়ে ট্রাস্ট ব্যাংকের এমন উদ্যোগ গ্রাহককেন্দ্রিক সেবা বাড়াতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।