ইস্তাম্বুলে দাবা প্রতিযোগিতায় টানা দুই জয়ে শীর্ষে বাংলাদেশের ফাহাদ রহমান

তুরস্কের ইস্তাম্বুল শহরে শুরু হয়েছে ‘ফুবি একাডেমি গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতা সিরিজ–১’। শুক্রবার (২৪শে এপ্রিল) শুরু হওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে দারুণ সূচনা করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। প্রথম দুই রাউন্ডেই জয় তুলে নিয়ে তিনি পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন।

প্রথম রাউন্ডে ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে উজবেকিস্তানের আন্তর্জাতিক মাস্টার সাইদালিয়েভ সাইদাকবরকে পরাজিত করেন। নিমজো-ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলতে নেমে তিনি মাত্র ৩০ চালেই ম্যাচটি নিজের করে নেন।

শনিবার (২৫শে এপ্রিল) সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন ফাহাদ। এবার তিনি কালো ঘুঁটি নিয়ে তুরস্কের আন্তর্জাতিক মাস্টার ইনেস তানরিভাদিকে হারান। সিসিলিয়ান ডিফেন্স ব্যবহার করে ৩১ চালের মধ্যেই জয় নিশ্চিত করেন তিনি।

দুই রাউন্ড শেষে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন এই বাংলাদেশি দাবাড়ু।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আজারবাইজান, বাংলাদেশ, জর্জিয়া, ইরান, তুরস্ক ও উজবেকিস্তানের মোট ১০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৩ জন ফিদে মাস্টার।

তৃতীয় রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ তুরস্কের ফিদে মাস্টার মাকারাচি তুনাহান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *