রাজধানীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মহাখালীর ওয়ারলেস গেইট এলাকার টি অ্যান্ড টি (বিটিসিএল) আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে শিক্ষক, বিচারক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সমাপনী দিনে প্রতিযোগিতার ১৯টি বিষয়ের মোট ৫৭ জন বিজয়ীর হাতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সামসুজ্জামান, বিশিষ্ট চিকিৎসক ডা. লেলিন চৌধুরী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকীসহ আরও অনেকে।
অতিথিরা বলেন, তরুণদের সঠিক পথে রাখতে সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ। মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কার্যক্রম বড় ভূমিকা রাখে। তারা এ ধরনের আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিযোগিতার সদস্য সচিব শান্তনু কুমার দাস।
এর আগে, গত ১০ এপ্রিল বাড্ডা হাই স্কুলে অনুষ্ঠিত হয় উৎসবের প্রতিযোগিতা পর্ব। প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা। এবারের আসরে ৪০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, একক নাটক, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও রচনা লিখন।
আয়োজকরা জানান, এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ায়। পাশাপাশি তাদের মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলে।