ইরানের পাশে বাংলাদেশ: জরুরি ঔষধ সহায়তা হস্তান্তর

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ। মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি-র কাছে  ঢাকা ইরানি দূতাবাসে এসব সামগ্রী হস্তান্তর করেন। ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মুঃ নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর। তারা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সরকারি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতে আহতদের চিকিৎসা সহায়তার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল এক কোটি টাকা অনুদান দেন। এই অর্থ দিয়ে ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে ড. নজরুল ইসলাম বলেন, সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। তিনি কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন। তার আশা, আলোচনার মাধ্যমে সংকট নিরসন সম্ভব।

ইরানের রাষ্ট্রদূত সহায়তা গ্রহণ করে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সহায়তা দুই দেশের বন্ধুত্বের প্রতিফলন। কঠিন সময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

রেড ক্রিসেন্টের মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বলেন, বিশ্বজুড়ে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। যুদ্ধ পরিস্থিতিতে মানবিক সহায়তা আরও জরুরি হয়ে ওঠে।

এই উদ্যোগ শুধু মানবিক নয়, কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *