ইজিএমওতে বাংলাদেশের মেয়েদের রৌপ্য ও ব্রোঞ্জ জয়

আন্তর্জাতিক গণিত অঙ্গনে আবারও নিজেদের উপস্থিতি জানান দিল বাংলাদেশের শিক্ষার্থীরা। ফ্রান্সের বোর্দো-এ অনুষ্ঠিত ১৫তম ইউরোপীয় মেয়েদের গণিত অলিম্পিয়াড (ইজিএমও)-তে দেশের দুই শিক্ষার্থী রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

দলের সদস্য মোনামি জামান ১৮ নম্বর পেয়ে রৌপ্য পদক জিতেছেন। আর সাজি সেহনাই ১৬ নম্বর পেয়ে পেয়েছেন ব্রোঞ্জ পদক। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তাদের সাফল্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ দল মোট ৪৫ নম্বর অর্জন করে সামগ্রিকভাবে ৩৪তম স্থান দখল করে। দলের অন্য দুই সদস্য কৃতিকা চক্রবর্তী ও নাহিয়ান পারিন ইফাও ভালো পারফরম্যান্স দেখিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তাদের এই পারফরম্যান্স ভবিষ্যতে আরও বড় সাফল্যের ইঙ্গিত দেয়।

এ বছরের অলিম্পিয়াড ৯ থেকে ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজক ছিল অ্যানিম্যাথ এবং বোর্দো বিশ্ববিদ্যালয়। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের নারী শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

ইজিএমও মূলত উচ্চমাধ্যমিক পর্যায়ের মেয়েদের জন্য একটি আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অলিম্পিয়াড হিসেবে স্বীকৃত। ২০১২ সালে মাত্র ১৯টি দেশ নিয়ে যাত্রা শুরু হলেও এখন প্রায় ৬০টি দেশ এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০ জন।

এই প্রতিযোগণা আয়োজনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। বিশ্বজুড়ে গণিতে মেয়েদের অংশগ্রহণ এখনও তুলনামূলক কম। হার প্রায় ১০ থেকে ১৫ শতাংশ। এই ব্যবধান কমাতেই ইজিএমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ধরনের আন্তর্জাতিক সাফল্য দেশে গণিত শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে। একই সঙ্গে মেয়েদের অংশগ্রহণও আরও বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *