রাজধানীর একটি হোটেলে স্যানিটেশন খাতে তথ্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “স্ট্রেংথেনিং অব পাবলিক ডাটা সিস্টেমস ফর স্যানিটেশন ইন বাংলাদেশ” কর্মসূচির আওতায় আয়োজিত এই কর্মশালায় মূল লক্ষ্য ছিল স্যানিটেশন ডাটা ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের জন্য নির্ধারিত ৭২টি সূচকের বিস্তারিত মেটাডাটা তৈরি করা।
এই উদ্যোগটি বাস্তবায়ন করছে গেটস ফাইন্ডেশন এবং গ্লোবাল ওয়াটার এন্ড স্যানিটেশন সেন্টার (GWSC), এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলোজি -এর সহযোগিতায়। কর্মশালার আয়োজন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এবং এসপায়ার টু ইনোভেট (a2i)।
আয়োজকদের মতে, প্রণীত মেটাডাটা ভবিষ্যতে স্যানিটেশন ডাটা ব্যবস্থাপনায় একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে তথ্যের গুণগত মান নিশ্চিত করা, বিভিন্ন উৎসের তথ্যকে একসঙ্গে যুক্ত করা এবং সঠিকভাবে ব্যাখ্যা করা সহজ হবে। ফলে নীতিনির্ধারণে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত নেওয়া আরও কার্যকর হবে।
কর্মশালায় স্যানিটেশন সংশ্লিষ্ট ২২টি সরকারি সংস্থা, সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন, যা এই ফ্রেমওয়ার্ককে আরও বাস্তবসম্মত করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিপিএইচই-এর নির্বাহী প্রকৌশলী সর্দার শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিএইচই-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এহতেশামুল রাসেল খান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আনোয়ার ইমাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম -এর আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক মাহা এমিয়ের এবং জিডব্লিউএসসি-র বাংলাদেশ রেসিডেন্ট প্রোগ্রাম ম্যানেজার মাকফী ফারাহ।
কর্মশালার টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন এটুআই-এর ডেটা ও রিসার্চ ক্লাস্টার প্রধান মো. আনোয়ারুল আরিফ খান।
বিশেষজ্ঞদের মতে, স্যানিটেশন খাতে নির্ভরযোগ্য ও মানসম্মত ডাটা নিশ্চিত করা গেলে পরিকল্পনা প্রণয়ন, বাজেট বরাদ্দ এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে দেশের নগর ও গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নও ত্বরান্বিত হবে।