হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচলে ইরানের সহায়তা চাইল ঢাকা

 

তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম–এর সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ–এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সব পক্ষের সংযম দেখানো জরুরি। পাশাপাশি যেকোনো বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেয় ঢাকা। ইরানও বাংলাদেশের এই ভারসাম্যপূর্ণ অবস্থানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ করা হয়। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ যেন নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য ইরানের সহায়তা চাওয়া হয়। জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি এখনো কিছুটা উত্তেজনাপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ড. খলিলুর রহমান উল্লেখ করেন, ইরান আগে ছয়টি দেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছিল, যার মধ্যে বাংলাদেশও ছিল। এজন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করে।

এর আগে ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী–এর সঙ্গে বৈঠকেও একই অনুরোধ জানানো হয়। সেখানে বাংলাদেশগামী আরেকটি অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রার বিষয়ও তুলে ধরা হয়। রাষ্ট্রদূত জানান, বিষয়টি ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এদিকে ইরান বাংলাদেশের সাম্প্রতিক কিছু পদক্ষেপেরও প্রশংসা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি–এর হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের সংসদে শোক প্রস্তাব গ্রহণ এবং ঢাকায় ইরান দূতাবাসে শোকবার্তায় স্বাক্ষর করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান।

অন্যদিকে, বাংলাদেশও ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সম্প্রতি ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে আজারবাইজানে পৌঁছাতে সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে দুই দেশের এই যোগাযোগ ও সহযোগিতা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *