ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাসে বর্ণিল বৈশাখ উদ্‌যাপন

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। ১৭ই এপ্রিল দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় এক উৎসবমুখর আবহ।

অনুষ্ঠানে প্রবাসে বাংলা নববর্ষ উদ্‌যাপনের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী পিঠাপুলির প্রদর্শনী ছিল প্রধান আকর্ষণ। লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিরা পরিবারসহ বৈশাখী পোশাকে অংশ নিয়ে উৎসবকে করে তোলেন প্রাণবন্ত।

অনুষ্ঠানের শুরুতে ত্রিপলীতে বসবাসরত কয়েকজন সিনিয়র প্রবাসী বিদেশে বৈশাখ উদ্‌যাপনের অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও পুঁথিপাঠ পরিবেশন করে। তাদের পরিবেশনায় বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক উঠে আসে।

বিশেষ আকর্ষণ ছিল গ্রামীণ পেশাভিত্তিক থিমে শিক্ষার্থীদের ফ্যাশন শো। এতে বাংলার গ্রামীণ জীবনধারা ও পেশাভিত্তিক সংস্কৃতির চিত্র ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ। তিনি অতিথিদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ঐক্য, ভালোবাসা ও সংস্কৃতির প্রতীক। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে ছিল পিঠাপুলির প্রদর্শনী। প্রায় চল্লিশ ধরনের ঐতিহ্যবাহী পিঠা সেখানে স্থান পায়, যা প্রবাসীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

উপস্থিত প্রবাসীরা এমন আয়োজনের জন্য দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান। সীমাবদ্ধতার মধ্যেও প্রবাসে থেকে বাংলা নববর্ষ উদ্‌যাপনের সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *