স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ডব্লিউএইচও আলোচনা

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ডব্লিউএইচও প্রতিনিধি ড. আহমেদ জামশিদ মোহাম্মদ।

স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ড. আহমেদ জামশিদ মোহাম্মদ।

বুধবার (১৬ই সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার গুরুত্ব পায়।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে ডব্লিউএইচওর চলমান সহযোগিতা ও সহায়তার প্রশংসা করেন। উদীয়মান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটির সহযোগিতার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

হুমায়ুন কবির বলেন, স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারত্ব গুরুত্বপূর্ণ।

বৈঠকে ডব্লিউএইচও প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান ও পরিকল্পিত সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা, সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি, রোগের নজরদারি এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা।

ড. আহমেদ জামশিদ মোহাম্মদ ২০২৪ সালের ১লা নভেম্বর বাংলাদেশে ডব্লিউএইচও প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ে কাজ করেছেন এবং ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে সংস্থাটির ডেপুটি প্রতিনিধি ছিলেন।

বাংলাদেশে জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা, রোগ নজরদারি ও জরুরি পরিস্থিতির প্রস্তুতিতে ডব্লিউএইচও দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে টিকাদান, রোগের প্রাদুর্ভাব মোকাবিলা, স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও সংস্থাটির বিভিন্ন কার্যক্রম রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ডব্লিউএইচওর সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার বিষয়েও তারা একমত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *