জাকির হোসেন
টাঙ্গাইলের আলোচিত কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর তিনি আলোচনায় আসেন।
বুধবার (২৪শে জুন) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার (২৩শে জুন) রাত ৮টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কবির হোসেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষিকাজের বিভিন্ন বিষয় তুলে ধরতেন। কৃষির মাঠের অভিজ্ঞতা, ফসল উৎপাদন ও কৃষকের জীবন নিয়ে তার তৈরি ভিডিওগুলো অনেকের নজরে আসে। এ কারণে তিনি কনটেন্ট নির্মাতা হিসেবেও পরিচিতি পান।
সম্প্রতি প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তবে একটি মহল তার প্রকৃত কৃষক হওয়া নিয়ে প্রশ্ন তোলে।
পরে সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা তার বাড়ি এবং কৃষিজমি পরিদর্শন করেন। তারা জানান, কবির হোসেন একজন সক্রিয় কৃষক ছিলেন। তিনি নিয়মিত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিজের কাজ ও কৃষি বিষয়ক প্রচারের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি পেয়েছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে শোক বিরাজ করছে।