বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর উদ্যোগে এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬”। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, চলচ্চিত্র নির্মাতা, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক ও চলচ্চিত্রপ্রেমীরা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমাজ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
সম্মেলনে বিভিন্ন আলোচনা পর্ব, দুটি মতবিনিময় সভা এবং চলচ্চিত্র আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বলেন, চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও শক্তিশালী করতে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। একই সঙ্গে বিকল্পধারার চলচ্চিত্রচর্চা এবং সাংস্কৃতিক নেটওয়ার্ক বিস্তারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দিন খালেদ-কে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়। চলচ্চিত্র বিষয়ে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মেলনের সভাপতি ছিলেন ডা. জহিরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ম. জাভেদ ইকবাল এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল্লাহ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে বিশেষ আগ্রহী। তিনি আরও বলেন, চলচ্চিত্র নিয়ে সরকারিভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং তিনি সেই জায়গা থেকে সহযোগিতা করতে চান।
সম্মেলনে অংশ নেওয়া তরুণ নির্মাতা ও সংগঠকেরা আশা প্রকাশ করেন, এ আয়োজন দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে নতুন গতি আনবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ চলচ্চিত্রচর্চা বিস্তারেও ভূমিকা রাখবে।
সম্মেলনের শেষ পর্বে জুরিদের বিচারে “বিএফএফএস পদক ২০২৫” প্রদান করা হয় টিএফপি ফিল্ম ক্লাব-কে।