চায়ের দাওয়াতে ডেকে শিক্ষক অপমান: ন্যায়বিচার, নৈতিকতা ও শিক্ষকের মর্যাদা প্রশ্নের মুখে

 

মারুফ আহমেদ

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে—একজন বিচারপতির বাসায় ডেকে নিয়ে একজন শিক্ষককে অপমান ও হেনস্তা করা হয়েছে। ঘটনাটি সামনে আসার পর শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে—“এমন একজন মানুষ কিভাবে বিচারপতি হলেন? অন্যায়ের স্রোতে গা ভাসিয়ে তিনি কিভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন?”

অভিযোগ অনুযায়ী, স্কুলটির পদার্থবিজ্ঞানের শিক্ষক দয়াল চন্দ্র পালকে একটি ঘটনার জেরে বিচারপতি আলী রেজার বাসায় ডাকা হয়। ঘটনাটি ঘটে ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার। ওইদিন ক্লাসে বিচারপতির ছেলে রেজা একটি অনাকাঙ্ক্ষিত ও অমার্জনীয় আচরণ করে। বিষয়টি কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষ বিচারপতিকে প্রতিষ্ঠানে ডাকার চেষ্টা করলে তিনি নাকি তা প্রত্যাখ্যান করে বলেন, “আমি একজন বিচারপতি—আমাকে ডাকার মতো কার সাহস? দরকার হলে আপনারা আমার বাসায় আসবেন।”

পরবর্তীতে স্কুলের অধ্যক্ষ নিজে না গিয়ে বাংলা শাখার প্রধানের সঙ্গে দয়াল স্যারকে বিচারপতির বাসায় পাঠান। শিক্ষক দয়াল চন্দ্র পাল মনে করেছিলেন, হয়তো সেখানে সন্তানের অনুচিত আচরণের জন্য অভিভাবক হিসেবে বিচারপতি অনুশোচনা প্রকাশ করবেন, কিংবা শিক্ষকের সামনে সন্তানের ভুল শোধরানোর উদ্যোগ নেবেন। কিন্তু প্রত্যাশার বিপরীতে ঘটে ভিন্ন ঘটনা।

অভিযোগ রয়েছে, বিচারপতির পরিবার সন্তানের আচরণের জন্য দুঃখ প্রকাশ তো দূরের কথা, বরং ক্ষমতার প্রভাব খাটিয়ে শিক্ষক দয়াল পালকে নিজের সন্তানের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। একজন শিক্ষকের জীবনে এটি নিঃসন্দেহে এক অপমানজনক ও অমানবিক অভিজ্ঞতা।

ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দশম শ্রেণির শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় এবং রেজাকে সাবেক সহপাঠী হিসেবে আখ্যায়িত করে দয়াল স্যারের প্রতি এই আচরণের বিচার দাবি করে। ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, কাকরাইলস্থ স্কুল ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তাদের সঙ্গে অভিভাবকরাও যোগ দেন এবং বিচারপতির বিরুদ্ধে স্লোগান তোলেন। একই সঙ্গে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগের দাবিও ওঠে।

অভিভাবকদের বক্তব্য—এখানে বিচারপতিকে একজন অভিভাবক হিসেবেই বিবেচনা করা উচিত ছিল, কোনো বিশেষ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নয়। অনেকেই মনে করেন, দয়াল স্যারকে বিচারপতির বাসায় পাঠানো ছিল একটি ভুল সিদ্ধান্ত, যা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে।

এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেয়, যা গ্রহণ করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এক সাক্ষাৎকারে শিক্ষক দয়াল চন্দ্র পাল বলেন,
“ছাত্রছাত্রীদের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি কখনও পাইনি—এটাই আমার জীবনে প্রথম। যে ঘটনার কারণে ছাত্র ও অভিভাবকের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে, প্রতিষ্ঠানের বদনাম হয়েছে—সে বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমার সঙ্গে যা-ই ঘটুক, ওরা আমাদেরই সন্তান। এই বয়সে তাদের আচরণ ভিন্ন হবেই। তাই অভিভাবক ও শিক্ষক একসঙ্গে বসে সমস্যার সমাধান করলে এমন ঘটনা এড়ানো সম্ভব।”

ঘটনার দিন কী ঘটেছিল, সে বিষয়ে জানা যায়—দশম শ্রেণির এক শিক্ষার্থী রেজা স্যারকে একটি লাইন বুঝিয়ে দিতে বলে। দয়াল স্যার তাকে সংশ্লিষ্ট বাংলা শিক্ষকের কাছে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীটি অনড় থাকে এবং পরে হঠাৎ করে অশোভন আচরণ করে। সহপাঠীদের বর্ণনায় জানা যায়, তার আচরণ এতটাই উগ্র ও বুলিংধর্মী ছিল যে পুরো ক্লাস স্তব্ধ হয়ে যায়।

এই ঘটনার পর শিক্ষার্থীদের প্রতিবাদে একটি স্লোগান ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে—
“বিচারপতি, তোমার বিচার করবে যারা—আজ জেগেছে এই জনতা।”

ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আমাদের সমাজে শিক্ষকের মর্যাদা, ক্ষমতার অপব্যবহার এবং ন্যায়বোধের সংকটকে সামনে নিয়ে এসেছে। শিক্ষকদের শাসন করার অধিকার, তাদের সম্মান এবং নিরাপত্তা—এসব বিষয় নতুন করে আলোচনায় এসেছে।

অনেকেই মনে করছেন, শিক্ষকদের ওপর আক্রমণ বা অপমানের মতো ‘মব কালচার’ বন্ধ করতে হবে। কারণ একজন আদর্শ শিক্ষকই পারেন একটি প্রজন্মকে গড়ে তুলতে। শিক্ষকের প্রতি অবমাননা মানে ভবিষ্যৎ সমাজের ভিত্তিকে দুর্বল করা।

এই ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি। কোনো ব্যক্তি, তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন—এই নীতি প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে এমন অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।

একই সঙ্গে শিক্ষকদেরও উচিত ক্ষমতার প্রভাবের কাছে নত না হয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। কারণ, শিক্ষকের পথ অনুসরণ করেই শিক্ষার্থীরা ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলে—যেখানে ন্যায়, সাহস ও মানবিকতা হবে মূল শক্তি।

 

লেখক: সাংবাদিক ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *