ক্যামব্রিজ কারিকুলামে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ এর যাত্রা শুরু

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)। উদ্বোধনের পাশাপাশি দেশের আরও সাতটি স্থানে একই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করা হয়েছে।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি জলসিঁড়িতে আয়োজিত অনুষ্ঠানে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেন। একই সময়ে তিনি ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা খাত ও মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রেখে আসছে। বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা সমন্বয়ের লক্ষ্যেই নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যম শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরি করা।

অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, এই প্রতিষ্ঠানগুলো এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তুলবে, যেখানে শিক্ষার্থীরা কুরআন ও সুন্নাহর আলোকে জ্ঞান অর্জনের পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *