কিছু চোখের জল এবং এক শিল্পীর বেঁচে থাকার আকুতি

জাকির হোসেন

টাঙ্গাইলের এক নিভৃত কোণে বসে এক ঘন অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে আছেন এক হতভাগ্য নাট্যশিল্পী—মোস্তফা কামাল। ক্যানসারের মরণ কামড়ে তাঁর সাজানো জীবনটা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। চরম দুর্দিন আর মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে দিন কাটছে তাঁর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া একটি ভিডিও বার্তায় দেখা গেছে এক বুক কাঁপানো দৃশ্য। যে মানুষটির মঞ্চে দাঁড়িয়ে বুক কাঁপানো সংলাপে দর্শকদের হাততালিতে মুখরিত হওয়ার কথা ছিল, সেই শিল্পী কামাল আজ কান্নাজড়িত কণ্ঠে, চোখের জলে তাঁর দুর্দশার কথা তুলে ধরছেন। তাঁর সেই কান্না কোনো অভিনয়ের অংশ নয়, কোনো নাটকের স্ক্রিপ্ট নয়—তা জীবনযুদ্ধে হেরে যাওয়া এক অসহায় মানুষের বুকফাটা হাহাকার। তিনি জানালেন, তিনি আজ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চরম অসহায়ত্বের শিকার। এতটাই রিক্ত যে, রোগমুক্তির চিকিৎসা তো দূরের কথা, বেঁচে থাকার ন্যূনতম মৌলিক চাহিদাগুলোও আজ তাঁর ভাগ্যে জুটছে না।

ভিডিওটির পরবর্তী দৃশ্যটি অবশ্য আমাদের মনে একটুখানি আশার আলো জাগায়, আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটা এখনো পুরোপুরি নিঃস্ব হয়ে যায়নি। দেখা যায়, এই হতভাগ্য শিল্পীর পাশে এসে দাঁড়িয়েছেন সাগরদিঘী কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, সাংস্কৃতি কর্মী কল্যাণ সংস্থা টাঙ্গাইলের বর্তমান সভাপতি তালহা আল মাহমুদ ও প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন, স্থানীয় কয়েকজন সহৃদয় যুবক এবং অসহায় ও দু:স্থ পুর্নবাসন কেন্দ্র। তাঁরা এই শিল্পীর চরম অসহায়ত্বের বিষয়টি নিশ্চিত করলেন এবং দেশবাসীর কাছে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানালেন। শিল্পীর এই করুণ আর্তনাদ হয়তো স্থানীয় সামাজিক বা উন্নয়ন সংস্থার নজরেও এসেছে, কিন্তু শুধু তো নজরে এলে চলবে না—মোস্তফার এখন প্রয়োজন একটুখানি সচ্ছলতা আর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় চিকিৎসা।

ভুক্তভোগী শিল্পী মোস্তফা এবং তাঁর পক্ষে দাঁড়ানো মানুষগুলো দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের কাছে জোড়হাতে আর্থিক সহায়তার করুণ আবেদন জানিয়েছেন। এই নশ্বর পৃথিবীতে আমরা কত টাকাই তো কত অহেতুক কাজে উড়িয়ে দিই, কত উৎসবের আলোয় মেতে উঠি। অথচ আপনার-আমার সামান্য একটুখানি অবদান, পকেটের উদ্বৃত্ত কিছু টাকা হয়তো এই ভাঙা পরিবারটিকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে।

যারা এই অসহায় মানুষটির পাশে দাঁড়াতে চান, একটুখানি আলো ছড়াতে চান তাঁর অন্ধকার জীবনে, তারা নিচের মোবাইল ব্যাংকিং নম্বরগুলোতে ‘বিকাশ’ বা ‘নগদ’-এর মাধ্যমে আপনাদের ভালোবাসা ও সহায়তা পাঠাতে পারেন:

  • বিকাশ ও নগদ (পার্সোনাল): ০১৭১৬-৩২০৭৯৯

  • বিকাশ (পার্সোনাল): ০১৮৯৩-৫১৩৩৪৪

এই দেশে প্রতিদিন কত মানুষ কতভাবে নিঃস্ব হয়ে যায়। শিল্পী মোস্তফা কামালের এই ব্যক্তিগত আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষের হৃদয়ে এক গভীর সহানুভূতির সঞ্চার করেছে। দিনশেষে শুরু যার আছে, তার শেষও আছে—তবুও মানুষ মানুষের জন্য, এই চিরন্তন সত্যকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের সমাজের বিত্তবান ও দানশীল মানুষরা যদি একটুখানি সদয় হয়ে এগিয়ে আসেন, তবে এই গুণী শিল্পী হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। অন্তত তাঁর চোখের জলটুকু তো মুছবে, এই আশাটুকুই বা কম কী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *