লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চরম লোডশেডিং, প্রিপেইড মিটারে অতিরিক্ত সার্ভিস চার্জ কর্তন এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩রা আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার ভেলাগুড়ি বাজারে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত ক্ষুব্ধ গ্রাহক অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ গ্রাহকদের মতামতকে তোয়াক্কা না করে জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হয়েছে। রিচার্জ করার পরপরই বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে এবং বিলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। নিয়মিত অতিরিক্ত বিল পরিশোধ করার পরও ২৪ ঘণ্টার মধ্যে ৫ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
কর্মসূচি থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত প্রিপেইড মিটার অপসারণ করে পূর্বের পোস্টপেইড মিটার পুনর্বহালের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে গ্রাহকরা বাইপাস (সরাসরি) লাইন সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহারসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কালীগঞ্জ ফিডারের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সানোয়ার রাকিবুল হাসান
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি