আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী পোস্টার প্রতিযোগিতায় পুরস্কার পেলেন বাংলাদেশি শিক্ষার্থী নাদিরা

আন্তর্জাতিক যুব সামাজিক দুর্নীতিবিরোধী বিজ্ঞাপন (পোস্টার) প্রতিযোগিতা টুগেদার এগেইনস্ট করাপশন-এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী নাদিরা আহমেদুল্লাহ সরকার।

২রা জুলাই ঢাকায় রাশিয়ার দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিন নাদিরার হাতে পুরস্কার তুলে দেন।

নাদিরা বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি চিত্রকলার প্রতি গভীর আগ্রহী। বিভিন্ন সামাজিক বিষয়ে নিজের শিল্পকর্মের মাধ্যমে বার্তা তুলে ধরার চেষ্টা করেন।

পুরস্কারপ্রাপ্ত চিত্রকর্ম সম্পর্কে নাদিরা বলেন, তাঁর ছবির মূল প্রতিপাদ্য ছিল টুগেদার এগেইনস্ট করাপশন। ছবির মাঝখানে থাকা গাঢ় লাল রঙের শিরোনাম জরুরি পদক্ষেপ ও দৃঢ় সংকল্পের প্রতীক। দুর্নীতির সঙ্গে সম্পর্কিত সব উপাদান তিনি সাদা-কালো রঙে উপস্থাপন করেছেন, যাতে এর নেতিবাচক দিক ফুটে ওঠে। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যের বার্তা তিনি উজ্জ্বল ও বর্ণিল রঙে প্রকাশ করেছেন। সেখানে সব বয়সী মানুষকে শৃঙ্খল ভেঙে একসঙ্গে দাঁড়াতে দেখা যায়। তাঁর ভাষায়, এই রঙগুলো আশা, শক্তি এবং সম্মিলিত প্রতিরোধের প্রতীক।

অনুষ্ঠানে ভিয়াচেস্লাভ সেন্টিউরিন নাদিরাকে অভিনন্দন জানান। তিনি তাঁর পড়াশোনা ও ভবিষ্যৎ সৃজনশীল কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান।

‘টুগেদার এগেইনস্ট করাপশন’ প্রতিযোগিতার আয়োজন করে রাশিয়ান ফেডারেশনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণ-তরুণীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতার উদ্দেশ্য হলো দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং সৃজনশীল উপায়ে দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *