বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক সই

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক ঐক্যবদ্ধ সংস্কৃতি ফোরামে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঐতিহ্য সংরক্ষণ, শিল্প ও সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব এবং সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ও এতে গুরুত্ব পেয়েছে।

এর মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী উ টিন উ লুইন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়।

ফোরামে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও কথা বলবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম স্পুতনিক ইন্টারন্যাশনালকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন।

সাক্ষাৎকারে বাংলা নববর্ষ, বিভিন্ন লোকজ উৎসব, প্রত্নতাত্ত্বিক সম্পদ এবং পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরার কথা রয়েছে। পাশাপাশি বাংলা সংগীতের বিভিন্ন ধারার বিষয়েও তিনি কথা বলবেন।

ফোরামের দ্বিতীয় দিন ২৫ সেপ্টেম্বর ‘লোকশিল্পীর কারুশিল্পের পুনর্জাগরণ’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের পুনর্জাগরণ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের আন্তর্জাতিক সম্ভাবনা তুলে ধরবেন তিনি।

ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশন আগামীকাল বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলে সংস্কৃতি মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব রয়েছেন।

প্রতিনিধি দলের সফরসূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *