টাঙ্গাইল শাড়ি: এক তাঁতের ভেতর বহু মানুষের ইতিহাস

টাঙ্গাইল শাড়ির সূক্ষ্ম নকশা ও বুননকৌশল

একটি শাড়ি। অথচ তার ভেতরে জড়িয়ে আছে নদী, মানুষের অভিবাসন, ধর্মীয় সহাবস্থান, পারিবারিক শিক্ষা, কারিগরি দক্ষতা এবং একটি অঞ্চলের দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস। সেই ইতিহাসের নাম টাঙ্গাইলের শাড়ি।

২০২৫ সালের ৯ই ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কোর আন্তঃরাষ্ট্রীয় কমিটির সভায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি বয়নশিল্পকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি রিপ্রেজেন্টেটিভ  তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের মনোনয়নটির নম্বর ছিল ০২৩২২।

এই স্বীকৃতি শুধু একটি শাড়ির নয়। স্বীকৃতি পেয়েছে সেই জ্ঞান, দক্ষতা ও সামাজিক চর্চা, যার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম টাঙ্গাইলের তাঁতিরা শাড়ি তৈরি করে আসছেন। ইউনেস্কোর বিবরণে বলা হয়েছে, এই বয়ন ঐতিহ্য মূলত বসাক ও জোলা সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত। বসাকরা হিন্দু এবং জোলারা মুসলিম সম্প্রদায়ের। দুই সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন একই পরিবেশে কাজ করে আসছেন।

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কোনো স্থাপনা বা জড়বস্তুকে বোঝায় না। এর মধ্যে পড়ে কোনো সম্প্রদায়ের চর্চা, জ্ঞান, দক্ষতা, প্রকাশভঙ্গি ও ঐতিহ্যগত জীবনপ্রণালি। প্রজন্ম থেকে প্রজন্মে এগুলো টিকে থাকে মানুষের ব্যবহার ও চর্চার মধ্য দিয়ে।

টাঙ্গাইলের শাড়ি বয়নও তেমনই একটি জীবন্ত ঐতিহ্য। এর সঙ্গে যুক্ত রয়েছে সুতা তৈরি, রং করা, নকশা নির্বাচন, তাঁত প্রস্তুত করা, বয়ন এবং শাড়ির শেষ কাজ। পরিবারই এই জ্ঞান হস্তান্তরের অন্যতম প্রধান জায়গা। শিশু ও তরুণরা ছোটবেলা থেকে দেখে দেখে এবং হাতে-কলমে কাজ শিখে।

ইউনেস্কোর নথিতে আরও বলা হয়েছে, শাড়ি তৈরির প্রধান কাজ সাধারণত পুরুষ তাঁতিরা করেন। নারীরা সুতা তৈরিতে, মাড় দেওয়ায় ও শেষ কাজগুলোতে সহায়তা করেন। পরিবারের অন্য সদস্যরাও কাপড় প্রস্তুত ও শেষ করার বিভিন্ন কাজে যুক্ত থাকেন।

টাঙ্গাইলের শাড়ির প্রধান বৈশিষ্ট্য এর মিহি বুনন, সূক্ষ্ম নকশা এবং স্থানীয় মোটিফ। সুতি, রেশম ও পাটের সুতা ব্যবহার করে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হয়। একই বয়নপদ্ধতিতে শাড়ি ছাড়াও অন্যান্য পোশাক তৈরি করা যায়।

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ির নকশার জগৎও বিস্তৃত। জমিনে দেখা যায় কলকা, আম, মাছকাঁটা, শশাবিচি, ফুল, শাপলা, পদ্ম, সূর্য, মাছ, প্রজাপতি কিংবা ধানছড়ার মতো নকশা। পাড়ে রয়েছে গোলাপ, পালকি, লতা, কলসি, প্রজাপতি, ময়ূর, ধানছড়া ও কালকার মতো নকশা।

এর অনেক নকশাই এসেছে মানুষের চারপাশের জীবন থেকে। ঘরের জিনিসপত্র, কৃষিকাজ, পোকামাকড়, নদী, গাছপালা, ফুল-ফল কিংবা জ্যামিতিক আকার—সবই কোনো না কোনোভাবে জায়গা করে নিয়েছে তাঁতের নকশায়।

ফলে টাঙ্গাইলের শাড়ির নকশা শুধু সৌন্দর্যের বিষয় নয়। এর মধ্যে একটি অঞ্চলের জীবনযাত্রার দৃশ্যমান স্মৃতিও জমা হয়েছে।

টাঙ্গাইলের শাড়ির ভুবনকে একটি বড় পরিবারের সঙ্গে তুলনা করা যায়। এর মধ্যে রয়েছে সুতি শাড়ি, টাঙ্গাইল জামদানি, সফট সিল্ক বা হাফ-সিল্ক, প্রাকৃতিক রেশমের শাড়ি, বালুচরি-ধাঁচের টাঙ্গাইল, হাজার বুটি এবং খেশসহ বিভিন্ন ধারার শাড়ি।

প্রতিটির বুনন, সুতা, নকশা ও ব্যবহার আলাদা। কোথাও সূক্ষ্ম সুতি সুতা, কোথাও রেশমের মিশ্রণ। কোথাও ঘন বুটি, কোথাও জটিল জ্যামিতিক নকশা। আবার খেশের মতো ধারায় পুরোনো কাপড়ের সুতা পুনর্ব্যবহার করে নতুন কাপড় তৈরির চর্চাও দেখা যায়।

তবে এসব বৈচিত্র্যের কেন্দ্রে রয়েছে তাঁত। আর তাঁতের কেন্দ্রে রয়েছে মানুষের দক্ষতা।

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বয়নপদ্ধতির সঙ্গে পিটলুম বা গর্ততাঁতের সম্পর্ক গভীর। মাটির গর্তের ওপর বসে তাঁতি এই তাঁত পরিচালনা করেন। পায়ের সাহায্যে পাদানি নিয়ন্ত্রণ করে টানা সুতাকে দুই ভাগে বিভক্ত করা হয়। মাঝখানে তৈরি হয় ফাঁকা পথ। সেই পথ দিয়ে আড়াআড়ি সুতা বহনকারী মাকু চলাচল করে।

এরপর সানা দিয়ে সুতা গুছিয়ে চাপ দেওয়া হয়। এভাবেই একের পর এক আড়াআড়ি সুতা বসে তৈরি হয় কাপড়।

পিটলুমে জটিল নকশা তৈরির জন্য অতিরিক্ত পাদানি ব্যবহার করা হতো। তাঁতির দুই পায়ের সমন্বয়, সুতার হিসাব এবং নকশার পরিকল্পনা মিলিয়ে তৈরি হতো সূক্ষ্ম কারুকাজ।

তবে এই পুরোনো তাঁত এখন সংকটে। তুলনামূলক কম দামের শাড়ির বাজার তৈরি হওয়ায় নতুন ধরনের তাঁতের ব্যবহার বেড়েছে। ফলে ঐতিহ্যবাহী পিটলুমের ব্যবহার কমছে।

একটি শাড়ি তাঁতে ওঠার আগেই তার কাজ শুরু হয়ে যায়। প্রথমে নকশা ও রং নির্বাচন করা হয়। এরপর সুতা ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর রং করা হয়। রঙিন সুতা শুকিয়ে মাড় দেওয়া হয়। এরপর শুরু হয় নাটাই ও নলি তৈরির কাজ। টানা হাঁটা হয়। টানা সুতাকে প্যাঁচানো হয়। সানা তৈরি ও প্যাঁচানোর পর তাঁতে সুতা জোড়া দেওয়া হয়।

নকশা থাকলে জ্যাকার্ডের ব্যবস্থা যুক্ত করা হয়। এরপর শুরু হয় মূল বয়ন। বোনা শাড়িতে আবার মাড় দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী শেষ কাজ করা হয়। তারপর তাঁত থেকে শাড়ি কেটে তোলা হয়। অর্থাৎ শাড়িটি বাজারে যাওয়ার আগেই বহু হাতের মধ্য দিয়ে তৈরি হয়।

টাঙ্গাইলের তাঁতের ভাষা আলাদা। সেই ভাষায় রয়েছে জলচুরি, শসার বিচি, কলি ঝালর, পানপাতা, ধানছড়া, দাঁত ঝালর, রুহিতন, চৌকো মিনা, কাঁকড়া বুটি, পদ্ম পাড়, জোড়া পদ্ম, ত্রিভুজ, জোড়া ত্রিভুজ, দ বুটি ও ছিতা বুটির মতো নাম।

রুহিতন একটি জ্যামিতিক নকশা। সাধারণত হীরক বা চতুর্ভুজের কাছাকাছি আকারে এটি তৈরি হয়। কাঁকড়া বুটি কাঁকড়ার আকৃতি থেকে অনুপ্রাণিত। ধানছড়া এসেছে ধানের শিষ থেকে। পানপাতা এসেছে বাঙালির পরিচিত পানপাতার আকৃতি থেকে।

জলচুরি নামের নকশায় রয়েছে পানির ঢেউয়ের মতো সূক্ষ্ম রেখা। শসার বিচিতে ধরা পড়ে একটি পরিচিত সবজির ক্ষুদ্র বীজের আকার। কলি ঝালরে ফুলের কুঁড়ি ও ঝালরের রূপ মিলেমিশে যায়।

অর্থাৎ তাঁতির নকশার ভাণ্ডার কোনো দূরবর্তী কল্পনার জগৎ নয়। তাঁর চারপাশের জীবনই সেখানে নকশা হয়ে ফিরে আসে।

টাঙ্গাইলের বয়নশিল্পের ইতিহাসে বসাক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে এই ইতিহাসকে শুধু বসাকদের ইতিহাস হিসেবে দেখলে পুরো চিত্র পাওয়া যায় না।

স্থানীয় তথ্য ও বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, বসাকদের আগমনের আগেই টাঙ্গাইল অঞ্চলে মুসলিম তন্তুবায়দের উপস্থিতি ছিল। কালিহাটির বল্লা, রামপুর, কাজীবাড়ি ও দরিখরশিলাসহ বিভিন্ন এলাকায় মোটা কাপড় তৈরির চর্চা ছিল।

অর্থাৎ বসাকেরা এসে শূন্য থেকে টাঙ্গাইলের তাঁতশিল্প তৈরি করেননি। বরং স্থানীয় বয়নঐতিহ্যের সঙ্গে তাদের দক্ষতা ও প্রযুক্তি যুক্ত হয়ে পরবর্তী সময়ে টাঙ্গাইলের স্বতন্ত্র বয়নপরিচয় গড়ে ওঠে।

টাঙ্গাইলের আবহাওয়া, বাতাসের আর্দ্রতা এবং নদীবিধৌত ভূপ্রকৃতি বয়নশিল্পের জন্য সহায়ক ছিল বলে স্থানীয়ভাবে ধারণা রয়েছে। সময়ের সঙ্গে এই অঞ্চলে শাড়ি বসাকদের প্রধান পেশাগত পরিচয়ের অংশ হয়ে ওঠে।

বসাকদের নিজেদের বংশপরিচয় ও বিভিন্ন জনশ্রুতিতে তাদের পূর্বপুরুষদের সিন্ধু নদীর অববাহিকার সঙ্গে যুক্ত করা হয়। নদীর তীর ধরে বিভিন্ন অঞ্চলে তাদের বসতি গড়ার কথাও বলা হয়।

তবে এই অভিবাসনের পথ নিয়ে একক ও সর্বসম্মত ঐতিহাসিক বিবরণ নেই। কোনো সূত্রে মুর্শিদাবাদ, কোনো সূত্রে মালদহের কথা পাওয়া যায়। এরপর বাংলার পূর্বাঞ্চলের দিকে তাদের অগ্রসর হওয়ার বর্ণনা রয়েছে।

পদ্মার তীরবর্তী অঞ্চল থেকে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে ব্রহ্মপুত্রের তীর। এরপর বুড়িগঙ্গা পেরিয়ে ঢাকা। তাঁতিবাজার ও নবাবপুরে বসতি। সেখান থেকে ধামরাই। ধামরাইয়ের পর টাঙ্গাইল। এই দীর্ঘ যাত্রাপথের বর্ণনা থেকে একটি বিষয় স্পষ্ট হয়। নদী ছিল তাদের অভিবাসনের গুরুত্বপূর্ণ ভূগোল।

তবে এসব বর্ণনার কিছু অংশ জনশ্রুতি ও সম্প্রদায়ভিত্তিক স্মৃতিনির্ভর। ফলে এগুলোকে আরও প্রামাণ্য দলিল ও প্রত্নতাত্ত্বিক গবেষণার সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন।

টাঙ্গাইলের বয়নশিল্পের ইতিহাস আরও পুরোনো। বাংলার বস্ত্র ও বয়নশিল্পের সমৃদ্ধির কথা প্রাচীন ভ্রমণবৃত্তান্তে পাওয়া যায়। কিন্তু সেই সময়ের নির্দিষ্ট তাঁতিগোষ্ঠীকে বর্তমান টাঙ্গাইলের কোনো সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যুক্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ সব ক্ষেত্রে নেই।

এই কারণে টাঙ্গাইলের বয়ন ইতিহাসকে কয়েকটি ধারায় দেখা জরুরি।

প্রথমত, বাংলার দীর্ঘ বয়ন ঐতিহ্য। দ্বিতীয়ত, টাঙ্গাইল অঞ্চলের স্থানীয় তন্তুবায়দের চর্চা। তৃতীয়ত, পরবর্তী সময়ে বসাকদের আগমন ও তাদের বয়নদক্ষতার বিস্তার।

এর সঙ্গে যুক্ত হয়েছে মুসলিম জোলা সম্প্রদায়সহ বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ। ইউনেস্কোর মূল্যায়নেও হিন্দু ও মুসলিম বয়নসম্প্রদায়ের পাশাপাশি কাজ এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে এই ঐতিহ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়েছে।

টাঙ্গাইল বসাকদের ইতিহাসে চূড়ান্ত গন্তব্য হয়ে থাকেনি। দেশভাগের পর তাদের একটি অংশ টাঙ্গাইল ছেড়ে যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে আরও বড় ধরনের স্থানান্তর ঘটে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। ১৯৯২ সালেও আরেক দফা দেশান্তরের কথা জানা যায়।

তবে যারা থেকে গেছেন, তারা বয়নচর্চা চালিয়ে গেছেন। সময়ের সঙ্গে এই শিল্পে নতুন জনগোষ্ঠীর অংশগ্রহণও বেড়েছে। ফলে আজকের টাঙ্গাইলের তাঁতশিল্পকে কোনো একটি সম্প্রদায়ের একক উত্তরাধিকার হিসেবে দেখার সুযোগ নেই। এটি বহু মানুষের অংশগ্রহণে তৈরি একটি জীবন্ত ঐতিহ্য।

টাঙ্গাইল শাড়ির ইতিহাস তাই কেবল একটি পোশাকের ইতিহাস নয়। এটি মানুষের চলাচলের ইতিহাস। এটি নদীর তীর ধরে বসতি গড়ার ইতিহাস। এটি পেশার সঙ্গে নতুন ভূগোল তৈরি করার ইতিহাস।

সিন্ধুর তীর থেকে বাংলার নদী পদ্মা। মুর্শিদাবাদ থেকে ঢাকা। ধামরাই থেকে টাঙ্গাইল। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের এই চলাচলের সঙ্গে বদলেছে বয়নপদ্ধতি। বদলেছে সুতা। বদলেছে নকশা। বদলেছে তাঁত। কিন্তু টিকে থেকেছে বুননের জ্ঞান।

এই ঐতিহ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধর্মীয় সহাবস্থান। বসাক ও জোলা তাঁতিরা একই বয়নভূমিতে কাজ করেছেন। ইউনেস্কোর মূল্যায়নে এই সহযোগিতা ও সহাবস্থানকে টাঙ্গাইলের বয়ন ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ইউনেস্কোর স্বীকৃতি টাঙ্গাইল শাড়ির জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। তবে এটি সংরক্ষণের কাজের শেষ নয়। বরং এখান থেকেই শুরু হতে পারে আরও বড় দায়িত্ব।

ঐতিহ্যবাহী তাঁত টিকিয়ে রাখা। তাঁতির ন্যায্য আয় নিশ্চিত করা। তরুণ প্রজন্মকে বয়নশিল্পে ধরে রাখা। হারিয়ে যেতে বসা নকশা ও কারিগরি জ্ঞান সংরক্ষণ করা। স্থানীয় তাঁতিদের বাজারের সঙ্গে যুক্ত করা। একই সঙ্গে টাঙ্গাইল শাড়ির পরিচয় ও ঐতিহ্যগত বয়নকৌশলের যথাযথ মর্যাদা রক্ষা করা।

ইউনেস্কোর সিদ্ধান্তেও উচ্চ উৎপাদন ব্যয়, সীমিত বাজার এবং প্রচারের ঘাটতিকে এই ঐতিহ্যের ধারাবাহিকতার জন্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংরক্ষণ পরিকল্পনায় সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ ও দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় টাঙ্গাইলের শাড়ি বয়নশিল্প যুক্ত হওয়ার ফলে এখন এর সংরক্ষণ শুধু স্থানীয় শিল্প রক্ষার বিষয় নয়। এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষারও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

কারণ টাঙ্গাইল শাড়ির প্রতিটি সুতা শুধু কাপড় তৈরি করে না। এর সঙ্গে বোনা থাকে মানুষের স্মৃতি, নদীর পথ, অভিবাসনের গল্প, পারিবারিক শিক্ষা, ধর্মীয় সহাবস্থান এবং টিকে থাকার দীর্ঘ সংগ্রাম।

একটি শাড়ি তাই কখনো কখনো একটি অঞ্চলের ইতিহাসের চেয়েও বড় হয়ে ওঠে।

আর সেই ইতিহাসেরই প্রদর্শন হয়ে গেল জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন, জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্‌যাপন’ শীর্ষক প্রদর্শনী ও টাঙ্গাইল শাড়ির মেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *