কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে পৃথক তিনটি অভিযানে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৮০ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, ১৮ ও ২১ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালারহাট, ঝাউরানী ও গংগারহাট বিওপির টহলদল এসব অভিযান চালায়।
বিজিবির তথ্য অনুযায়ী, ২১শে সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় অভিযান চালায় বালারহাট বিওপির একটি টহলদল। এ সময় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে তাদের ধাওয়া করা হয়। তারা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। বিজিবির হিসাবে এর সিজার মূল্য ৫৪ হাজার ২৫০ টাকা।
একই রাতে রাত ৩টা ২০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় অভিযান চালায় ঝাউরানী বিওপির টহলদল। সেখানেও সন্দেহজনক ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯৯ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। এর সিজার মূল্য ৩৯ হাজার ৬০০ টাকা।
এর আগে ১৮ই সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবগীস এলাকায় অভিযান চালায় গংগারহাট বিওপির টহলদল। ওই অভিযানে ৮১ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। বিজিবির হিসাবে এর সিজার মূল্য ৩২ হাজার ৪০০ টাকা।
তিন অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি বলছে, এসব মাদক সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সানোয়ার রাকিবুল হাসান
কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি