মাল্টিপ্লেক্সের পর এবার সিঙ্গেল স্ক্রিনে ‘দম’: দেশের ৫০টির বেশি হলে একযোগে মুক্তি

ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সে মুক্তির পর দর্শকপ্রিয়তা পাওয়া রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’ এবার দেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আগামী ২৪ এপ্রিল থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে ছবিটি প্রদর্শিত হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি জানিয়েছে, ঈদের পর দীর্ঘ সময় কেবল মাল্টিপ্লেক্সে প্রদর্শনের পর এবার সাধারণ প্রেক্ষাগৃহেও ছবিটি নিয়ে আসা হচ্ছে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, পাইরেসির ঝুঁকি কমাতে শুরুতে সিনেমাটি সীমিত পরিসরে মুক্তি দেওয়া হয়েছিল। এখন সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন পোস্টারও পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, দর্শকদের আগ্রহ এবং আফরান নিশোর ভক্তদের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখার সুযোগ তৈরি করা হয়েছে।

পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘দম’ তার কাছে কেবল একটি চলচ্চিত্র নয়, বরং দেশের মানুষের সাহস ও সংগ্রামের একটি গল্প। দর্শকদের আগ্রহই ছবিটির বড় শক্তি বলে মনে করেন তিনি।

অভিনেতা আফরান নিশো জানান, গল্প শোনার পরই তিনি প্রকল্পটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। তার মতে, চরিত্র ও ভিজ্যুয়াল উপস্থাপনার দিক থেকে ছবিটি তার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

চলচ্চিত্রটিতে আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসান। ঈদের পরবর্তী সময়ে সিঙ্গেল স্ক্রিনে মুক্তির মাধ্যমে ‘দম’ আরও বিস্তৃত দর্শক পরিসরে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *