উজবেকিস্তানের সমরকন্দে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে পুয়ের্তো রিকোকে ৩.৫-০.৫ গেম পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। একই রাউন্ডে মহিলা বিভাগে আইভরি কোস্টকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের নারী দল।
তৃতীয় রাউন্ডের এই দুই জয়ে দুই বিভাগেই বাংলাদেশ তিন ম্যাচ শেষে চার পয়েন্ট করে পেয়েছে।
শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) তৃতীয় রাউন্ডের ওপেন বিভাগের খেলায় বাংলাদেশের হয়ে জয় পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। তাঁরা যথাক্রমে পুয়ের্তো রিকোর আলমেদিনা অর্টিজ এডগার্দো, রদ্রিগেজ সান্তিয়াগো জাইমে ও জিলেরুয়েলো ইরিজারি দিয়েগোকে হারান।
অন্য বোর্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তোরো ক্রুজ সেবাস্তিয়ানের সঙ্গে ড্র করেন। ফলে চার বোর্ডের মধ্যে তিনটিতে জয় এবং একটিতে ড্র নিয়ে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ।
মহিলা বিভাগেও একই দিনে জয় পেয়েছে বাংলাদেশ। আইভরি কোস্টের বিপক্ষে ৩-১ গেম পয়েন্টে জয় আসে বাংলাদেশের।
বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো নিজ নিজ খেলায় জয় পান। তাঁরা যথাক্রমে আইভরি কোস্টের এনদে আতসে কারিন নোয়েলি মেরি, ইয়াভো চেচে মেরি ও কামারা রুথ লিলিয়ানকে পরাজিত করেন।
তবে অন্য বোর্ডে মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, আইভরি কোস্টের মহিলা ফিদে মাস্টার আয়েমু মাজান এমানুয়েলা এস্তারের কাছে হেরে যান।
তিন রাউন্ড শেষে দুই বিভাগেই বাংলাদেশের সংগ্রহ চার পয়েন্ট। শনিবার (১৯শে সেপ্টেম্বর) চতুর্থ রাউন্ডে ওপেন বিভাগে ত্রিনিদাদ ও টোবাগোর মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে মহিলা বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ স্লোভাকিয়া।