ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভা শেষে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার এবং সদস্যসচিব এসএম শাহরিয়ার।
মতবিনিময় সভায় সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি এবং ঢাকা মহানগরের রাজনীতি নিয়ে আলোচনা হয়। নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজা, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করা এবং নাগরিক ইস্যুতে আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকা এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে নজরদারি এবং ওয়ার্ডভিত্তিক প্রতিরোধের নির্দেশনা দেন নাহিদ ইসলাম।