হাতীবান্ধায় শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় আইএফআইসি ব্যাংকের সেমিনার

হাতীবান্ধায় আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার।

লালমনিরহাটের হাতীবান্ধায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে আর্থিক সাক্ষরতা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

বুধবার (৭ই অক্টোবর) বিকেলে উপজেলার আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক কমল চন্দ্র।

সেমিনারে আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা এবং সঞ্চয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আইএফআইসি ব্যাংকের হাতীবান্ধা উপশাখার ইনচার্জ রাশেদুল কবির মণ্ডল ও পরিচালনা বিভাগের ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান মুরাদ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরু থেকেই অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা জরুরি। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, ছোট বয়স থেকে অল্প অল্প করে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে তা উচ্চশিক্ষার ব্যয় মেটানো কিংবা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। আর্থিক বিষয়ে সচেতনতা থাকলে শিক্ষার্থীরা অর্থ ব্যবহারের ক্ষেত্রেও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারবে।

সেমিনারে দেশের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, আর্থিক সাক্ষরতা বাড়ানোর এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং সেবা ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে। পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতেও উৎসাহ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *