জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, হাতীবান্ধায় যুবকের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় জমিজমা নিয়ে পারিবারিক সংঘর্ষের পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পুলিশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে নুর মোহাম্মদ (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

রোববার (৪ঠা অক্টোবর) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুর মোহাম্মদ ওই এলাকার মৃত রহিম উদ্দিন ওরফে পাতির ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিজমা নিয়ে নুর মোহাম্মদের পরিবারের সঙ্গে তাঁর ভাই নুর ইসলামের পরিবারের কয়েক বছর ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

নিহতের স্বজনদের অভিযোগ, সংঘর্ষের সময় নুর ইসলাম, তাঁর বোন মর্জিনা এবং ভাগিনা শামিম বিন ইফতেখার বাবু ও ভাগিনি রুমি নুর মোহাম্মদকে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

স্বজনেরা তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তাঁদের অভিযোগ, এ সময় প্রায় এক ঘণ্টা পথরোধ করে তাঁকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নুর মোহাম্মদকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, পুলিশ নিহতের লাশের সুরতহাল করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবুকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কার কী ভূমিকা ছিল, তা আরও স্পষ্ট হবে।

 

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট সদর প্রতিনিধি:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *