ব্যবসা-বিনিয়োগের প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ

সচিবালয়ে ব্যবসায়িক কার্যক্রম সহজীকরণ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়িক কার্যক্রমের প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন।

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় এবং বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সরকারি বিভিন্ন সেবা গ্রহণের বিদ্যমান পদ্ধতি পর্যালোচনা করা হয়। এসব সেবার ক্ষেত্রে অপ্রয়োজনীয় ধাপ ও সময় কমানোর বিষয়েও আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশি ও বিদেশি বিনিয়োগও উৎসাহিত হবে।

তিনি সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা আরও সহজ ও ব্যবহারবান্ধব করার কথাও বলেন তিনি।

বৈঠকে ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবাগুলো পর্যায়ক্রমে সমন্বিত ও ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার বিষয়ে আলোচনা হয়। সেবা প্রদানে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া ব্যবসায়িক কার্যক্রম সহজীকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর চলমান উদ্যোগ, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবা ব্যবস্থার উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়িক সংগঠন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *