মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেলেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা

নদী রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬। বিশ্ব নদী দিবস উপলক্ষে রোববার (২৭শে সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ বছর লেখক শ্রেণিতে পুরস্কার পেয়েছেন নদীবিষয়ক লেখক ও সেভ দ্য রিভার মুভমেন্ট বাংলাদেশের সহসভাপতি মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী। গবেষণা শ্রেণিতে পুরস্কার পেয়েছেন নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। সাংবাদিকতা শ্রেণিতে পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ এবং দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মো. আল ফাতাহ মামুন।

সংগঠন শ্রেণিতে পুরস্কার পেয়েছে নোঙর ট্রাস্ট বাংলাদেশ। সংগঠনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন নোঙর ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সম্মানিত অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদী রক্ষায় সরকার, জনগণ, গবেষক ও পরিবেশবিদদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নদী দখল ও দূষণ বন্ধের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ এবং জীববৈচিত্র্য রক্ষা জরুরি। তিনি বলেন, নদীকে শুধু পানির প্রবাহের মাধ্যম হিসেবে দেখলে হবে না। দেশের পরিবেশ, অর্থনীতি এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে নদীর গভীর সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী ও জলাভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই।

নদীকে কেন্দ্র করে টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকে নিরাপদ ও জীবন্ত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড নদী ও জলসম্পদ সংরক্ষণে দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। এ ধরনের সম্মাননা অন্যদেরও নদী রক্ষায় উৎসাহিত করবে। তিনি বলেন, নদীর প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের নদ-নদীর বর্তমান অবস্থা এবং নদীর সঙ্গে মানুষের জীবন-জীবিকার সম্পর্ক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বিশ্ব নদী দিবসের প্রতিষ্ঠাতা মার্ক অ্যাঞ্জেলো ভিডিওবার্তার মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, নদী বাংলাদেশের জীবন, অর্থনীতি, কৃষি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। নদী দখল, দূষণ ও নাব্যতা সংকট মোকাবিলায় সরকার, গবেষক, গণমাধ্যম, পরিবেশ সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, নদী রক্ষায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ এ আন্দোলনকে আরও গতিশীল করতে পারে।

আন্তর্জাতিকভাবে নদী রক্ষায় কাজ করা পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলোর অবদান স্মরণ করে ২০২৪ সালে প্রথমবারের মতো মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড চালু করা হয়।

অনুষ্ঠানে নদী, পরিবেশ ও জলবায়ু বিষয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি, সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *