লক্ষ্মীপুরে সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তদারকি ও সমন্বয় সভায় বক্তব্য দিচ্ছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ এবং দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, সামাজিক অবক্ষয় একদিনে তৈরি হয় না। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সমাজকে সঠিকভাবে খাপ খাওয়াতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা, জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কাজের তদারকি ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল মন্ত্রীর প্রথম সভা।

আবদুল আউয়াল মিন্টু বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। সব সমস্যার সমাধানের দায়িত্ব শুধু রাষ্ট্রের ওপর ছেড়ে দিলে হবে না। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের কল্যাণে সবাইকে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে কাজ করতে হবে।

সভায় লক্ষ্মীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে জেলায় মোট ২০৮টি অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৬টি। মাদকসংক্রান্ত অপরাধ ৬৬টি। অন্যান্য অপরাধ ৯১টি।

অপরাধ নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর গ্যাং প্রতিরোধ এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিচারাধীন মামলার নিষ্পত্তি দ্রুত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, আগস্ট মাসে জেলার বিভিন্ন থানায় ৮৫২টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হয়েছে। তবে এখনো ১২ হাজার ১৪টি গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং রয়েছে। পরোয়ানা তামিলের হার বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিবেশ সুরক্ষার বিষয়েও সভায় বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। জেলা প্রশাসনের গত এক বছরের অভিযানে ৬৫টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। বিভিন্ন আইনে মোট ১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৬টি অভিযান চালিয়ে ১৬টি মামলা করা হয়েছে। এসব অভিযানে ১৫ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

জমির টপসয়েল বা উপরিভাগের মাটি কাটা বন্ধে ৬৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৫৯টি মামলা হয়েছে। অর্থদণ্ড করা হয়েছে ৩৩ লাখ ৮০ হাজার ১০০ টাকা। সভায় নদী-খাল রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমের তথ্যও সভায় উপস্থাপন করা হয়। জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত জেলায় ৯৮৭টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৮৯টি মোবাইল কোর্ট মামলা এবং ৫১টি নিয়মিত মামলাসহ মোট ২৪০টি মামলা হয়েছে। অভিযানে ১৭ হাজার ২৫০ পিস ইয়াবা ও ২৮ দশমিক ৮৫৯ কেজি গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

কিশোর গ্যাং প্রতিরোধে স্কুল-কলেজসহ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলার চলমান সড়ক উন্নয়নকাজের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিয়েও আলোচনা হয়। পৌর এলাকায় অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল, অবৈধ ইটভাটা, মাদক ও পরিবেশদূষণকে জেলার অন্যতম চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ভার্চ্যুয়ালি যুক্ত হন।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *