মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াহাকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বৈঠক করেছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অ্যাড ইন্টারিম) মো. আবদুল্লাহ আল ফরহাদ।
ওয়াহাকা রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন সচিব রাউল রুইজ রোবলেসের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে কৃষিভিত্তিক পণ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিনিয়োগ এবং পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে।
বৈঠকে বাংলাদেশ ও ওয়াহাকার মধ্যে নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ এবং ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
এদিকে, সফরকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আবদুল্লাহ আল ফরহাদ ওয়াহাকার গভর্নর সালোমন জারা ক্রুজের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় মেক্সিকোর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব ‘গুয়েলাগেতজা’ চলাকালে।
প্রতি বছর ওয়াহাকায় আয়োজিত গুয়েলাগেতজা উৎসব দেশটির অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন। এতে ওয়াহাকার বিভিন্ন অঞ্চলের আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত, পোশাক ও সংস্কৃতি তুলে ধরে। এই উৎসবকে মেক্সিকোর সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম বড় প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
কূটনৈতিক সূত্র বলছে, সাম্প্রতিক এই যোগাযোগ বাংলাদেশ ও মেক্সিকোর আঞ্চলিক পর্যায়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ওয়াহাকার কৃষি, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প ও পর্যটন খাতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।