হংকংয়ে বাংলাদেশি গৃহকর্মীদের দক্ষতা উন্নয়নে কেয়ারগিভিং প্রশিক্ষণের মান পরিদর্শন করেছেন বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা।
রোববার (২রা আগস্ট) হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এবং কনসাল জাহিদুর রহমান আইকন মেডিকেল গ্রুপ -এর কেয়ারগিভিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণের মান, পাঠদান পদ্ধতি এবং ব্যবহারিক শিক্ষা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।
প্রতিনিধিদলকে স্বাগত জানান আইকন মেডিকেল গ্রুপের চেয়ারম্যান স্টিফেন কওক।
প্রশিক্ষণকেন্দ্র সূত্রে জানা যায়, আইকন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান সিটি এন্ড গিল্ডস-এর অনুমোদিত কেয়ারগিভার প্রশিক্ষণ প্রতিষ্ঠান। হংকংয়ে কেয়ারগিভিং প্রশিক্ষণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে থাকে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশি গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই ৫০ জন বাংলাদেশি গৃহকর্মীকে নিয়ে একটি নতুন কেয়ারগিভিং প্রশিক্ষণ ব্যাচ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ প্রশিক্ষণের পৃষ্ঠপোষকতা করবেন হংকংয়ে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তারা।
তাদের মতে, কেয়ারগিভিং বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ বাংলাদেশি গৃহকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াবে। একই সঙ্গে তারা অধিক বেতনের এবং উন্নত কর্মপরিবেশের চাকরির সুযোগ পাবেন।
বিদেশের শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সেবাদানে প্রশিক্ষিত কেয়ারগিভারের প্রয়োজন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ বাস্তবতায় বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।