বিশ্বকাপের ৩০৮ গোল স্মরণে ঢাকায় ৫০০ গাছের চারা বিতরণ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তায় রূপ দিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগ গোল ফর গুড। শনিবার (১লা আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন যুব সংগঠনের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক পরিবেশ সচেতন নাগরিক অংশ নেন।

কর্মসূচির উদ্বোধন করেন আইইডির সিনিয়র কোঅর্ডিনেটর জ্যোতি চট্টোপাধ্যায়।

বিশ্বকাপে অনুষ্ঠিত ১০৪টি ম্যাচে মোট ৩০৮টি গোল হয়। সেই ৩০৮ গোলের প্রতি প্রতীকী সম্মান জানিয়ে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ার অঙ্গীকার হিসেবে অনুষ্ঠানে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল একটি বিশেষ ‘গোল বার’। অংশগ্রহণকারীরা সেখানে শট নিয়ে গোল করার সুযোগ পান। গোল করতে পারলেই তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। একই সঙ্গে চারাটি রোপণ ও নিয়মিত পরিচর্যার অঙ্গীকারও করেন তারা।

আয়োজকদের ভাষ্য, খেলাধুলার আনন্দকে পরিবেশ সংরক্ষণের বাস্তব উদ্যোগের সঙ্গে যুক্ত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশ্বকাপের ট্রফি যে দেশই জিতুক, বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশ সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই ‘গোল ফর গুড’ কেবল প্রতীকী আয়োজন নয়, বরং পরিবেশ রক্ষায় নাগরিকদের ব্যক্তিগত দায়বদ্ধতা তৈরির একটি সামাজিক উদ্যোগ।

অংশগ্রহণকারীরা বলেন, একটি গোলের সঙ্গে একটি গাছের দায়িত্ব নেওয়ার ধারণাটি খেলাধুলা, পরিবেশ ও নাগরিক দায়িত্বকে একই সূত্রে বেঁধেছে। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকির সময়ে ছোট ছোট নাগরিক উদ্যোগই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে।

‘গোল ফর গুড’ কর্মসূচির যৌথ আয়োজক ছিল ইউথ ফর নাউ, টিনস সেভার বাংলাদেশ, ইরেজার, ফিল্টার বাংলাদেশ, ইউথ ফর আপলিফট, ক্লাইমেট কালচার মিডিয়া সেন্টার, জনউদ্যোগ, ইকোভ্যান্স এবং অঞ্জনা নারী উন্নয়ন সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *