নারায়ণগঞ্জসহ ১০ জেলা হাসপাতালে আইসিইউ চালু

দেশের জেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে নারায়ণগঞ্জসহ ১০টি জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। একই অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি আরও নয়টি জেলা হাসপাতালের আইসিইউ চালু করা হয়। এসব হাসপাতাল হলো মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি জানান, নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় স্বাস্থ্য খাতে নানা সংকট ছিল। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় টিকার মজুত, টিবি ইনজেকশনের সিরিঞ্জ, ভিটামিন এ ক্যাপসুল এবং জলাতঙ্কের ভ্যাকসিনের ঘাটতি ছিল। তিনি দাবি করেন, বর্তমান সরকার সংকটপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করলেও পরে পর্যাপ্ত হামের ভ্যাকসিন সংগ্রহ করে টিকাদান কার্যক্রম পরিচালনা করেছে।

বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চলতি অর্থবছরের বাজেটে জিডিপির ১ দশমিক ০২ শতাংশ সমপরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তিনি জানান, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস।

নতুন আইসিইউ ইউনিটগুলো চালুর ফলে সংশ্লিষ্ট জেলার গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *