ফরিদপুরে ৫.৪ মেগাওয়াটের রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন

ফরিদপুরের জোয়াইর মোড়ে অবস্থিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে ৫.৪১৮৭৭ মেগাওয়াট পিক (ডিসি) ক্ষমতার একটি রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩শে মে) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, CapEx মডেলে নির্মিত এ প্রকল্পের এসি ক্ষমতা ৪.২৯ মেগাওয়াট। এটি ৩৩ কেভি ভোল্টেজ স্তরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর ৩৩/১১ কেভি গোয়ালচামট উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর মিয়া এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “জোবাইদা করিম জুট মিলস দেশের অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি মডেল হতে পারে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জনসেবার মানসিকতা নিয়ে আরও অনেক প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করবে বলে আমরা আশা করি।”

তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের ২১টি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, হাসপাতালসহ বিভিন্ন সরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় ১২০ একর জায়গাজুড়ে বিস্তৃত জোবাইদা করিম জুট মিলসের ৩ লাখ ৪ হাজার ৩৭৪ বর্গফুট ছাদে সৌর প্যানেল স্থাপন করে এই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। শিল্প খাতে বিদ্যুৎ ব্যয় কমানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে অবকাঠামো উন্নয়ন কোম্পানি লিমিটেড (IDCOL)-এর আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শিল্প কারখানাভিত্তিক রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি কার্বন নিঃসরণ হ্রাস, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে।

তাদের মতে, সরকারের নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের আরও প্রকল্প বাস্তবায়ন করা হলে দেশের জ্বালানি খাত আরও শক্তিশালী হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোও নিজেদের বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ নিজস্বভাবে উৎপাদন করতে সক্ষম হবে।

অনলাইনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ওজোপাডিকোর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব নূর আহমদ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (বিতরণ) ও ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আ. ন. ম. ওবায়দুল্লাহ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এ ছাড়া ওজোপাডিকোর নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জোবাইদা করিম জুট মিলসের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর মিয়া, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ফরিদপুরের এই প্রকল্প শুধু একটি শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ চাহিদা পূরণেই সহায়তা করবে না, বরং জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় পরিচ্ছন্ন জ্বালানির অংশগ্রহণ বাড়িয়ে দেশের টেকসই জ্বালানি রূপান্তরের পথও আরও সুগম করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *