বাংলাদেশ–নাইজেরিয়া বাণিজ্য জোরদারে বৈঠক

বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই মে ) নাইজেরিয়ার ফেডারেল শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। এতে অংশ নেন নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এইচ.ই. মিয়া মো. মাইনুল কবির এবং মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ড. ওসা ইসোকপুনউ।

বৈঠকে দুই দেশের পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষই অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন।

সূত্র জানায়, বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ এবং কৃষিপণ্য খাতে সহযোগিতা বাড়তে পারে। নাইজেরিয়া আফ্রিকার একটি বড় বাজার। তাই এই বাজারে বাংলাদেশের প্রবেশ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, নাইজেরিয়াও দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশে আগ্রহী। এই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বৈঠকে নিয়মিত সংলাপ চালু রাখার বিষয়ে সম্মতি হয়। ভবিষ্যতে যৌথ উদ্যোগ এবং ব্যবসায়ী পর্যায়ের সফর বাড়ানোর কথাও আলোচনা হয়।

কূটনৈতিক সূত্র বলছে, এই বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পেতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *